অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। একই দিনে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দেন তাঁরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান সিইসির সঙ্গে বৈঠক করেন। পরে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মতবিনিময় সভার দ্বিতীয় সেশনে বক্তব্য দেন। বিকেল সাড়ে ৪টার দিকে তাঁরা কমিশন ভবন ত্যাগ করেন। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, উপদেষ্টারা নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিব আখতার আহমেদ তাঁদের অভ্যর্থনা জানান। মতবিনিময় সভায় বক্তব্য দেন সিইসি এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন।
সভায় সকল বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভা ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় জোরদার করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ ধরনের সভা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে।





