যুগসন্ধিক্ষণে সুষ্ঠু নির্বাচনের দায়িত্বে ব্যর্থতার অবকাশ নেই: সিইসি
দেশের যুগসন্ধিক্ষণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব পালনে কোনো ব্যর্থতার অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা যদি সঠিকভাবে এ দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না।’
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.), ইসি সচিব আখতার আহমেদ, ৬৪ জেলার জেলা প্রশাসক, এসপি, ৮ বিভাগের বিভাগীয় কমিশনার ও ডিআইজি, ৬৪ জেলার নির্বাচন কর্মকর্তা, ১০ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।
সিইসি বলেন, ‘সত্যিকার অর্থে মাঠ পর্যায়ে যারা সরকারকে সচল রাখেন, দেশ চালু রাখেন—তাদের প্রায় সবাই এখানে উপস্থিত। আমরা একটা যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই ক্রান্তিলগ্নে আমাদের উপর যে গুরুদায়িত্ব এসে পড়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে আমরা দেখিয়ে দিতে চাই যে, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।’
তিনি জোর দিয়ে বলেন, ‘আইন আমাদের সবার জন্য সমান। মাঠ পর্যায়ে যারা আছেন, তারা আইনের শাসন নিশ্চিত করবেন—এটাই আমাদের কাম্য। আপনারা যখন সাহসী পদক্ষেপ নেবেন, আইনের প্রতিষ্ঠার চেষ্টা করবেন ও বিধিবিধানের আলোকে কাজ করবেন—নির্বাচন কমিশন আপনাদের পক্ষে থাকবে।’
সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালন করলে কোথাও বিচ্যুতি ঘটবে না আশা করে সিইসি সবাইকে সঠিকভাবে, সঠিক সময়ে ও কার্যকরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এই মতবিনিময় সভা নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে কমিশন। আসন্ন নির্বাচনকে ঘিরে এই ধরনের সভা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।





