র্যাবের গোয়েন্দা শাখা গুম-হত্যার মূল হোতা: তদন্ত কমিশনের চাঞ্চল্যকর প্রতিবেদন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখা জোরপূর্বক গুমের ঘটনাগুলোতে হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম জানান, প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের কীভাবে অপহরণ ও হত্যা করা হয়েছে, তার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “কমিশন এ পর্যন্ত ১,৩৫০টি গুমের ঘটনা চিহ্নিত করেছে এবং প্রতিদিন নতুন নতুন মামলার তথ্য পাওয়া যাচ্ছে।”
প্রতিবেদনটি বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়। প্রেস সচিব জানান, কমিশন ইতোমধ্যে ১,৩৫০টি গুমের মামলা পর্যালোচনা করেছে, যা গুম ও হত্যার ঘটনাগুলোর পেছনে একটি “পদ্ধতিগত নকশা” ছিল বলে নির্দেশ করে।
প্রেস সচিব জানান, গুমের সঙ্গে জড়িতদের বাংলাদেশের আদালতে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, “কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”





