তেহরানে ঝুঁকিতে বাংলাদেশিরা: নিরাপদে সরিয়ে নিচ্ছে সরকার
ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি হামলার জেরে সেখানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, “আমরা তেহরানে থাকা প্রায় ১০০ জন বাংলাদেশির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাদের রাজধানীর বাইরে নিরাপদ এলাকায় স্থানান্তরের জন্য ইতোমধ্যে আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে।”
তিনি জানান, ইরানে মোট প্রায় ২,০০০ বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে তেহরানে আছেন আনুমানিক ৪০০ জন। এদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরাও রয়েছেন। “দূতাবাসের প্রায় ৪০ জন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা তেহরানে অবস্থান করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার,” বলেন সচিব।
রুহুল আলম আরও জানান, সোমবার তেহরানে রেডিও তেহরানের বাংলা বিভাগে ইসরাইলি হামলার সময় সেখানে ৮ জন বাংলাদেশি সাংবাদিক ছিলেন। তবে তারা সবাই নিরাপদে রয়েছেন। এছাড়া, দূতাবাসের রাষ্ট্রদূত ইতোমধ্যে তার সরকারি বাসভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানে বাংলাদেশিরা যাতে নিরাপদে থাকতে পারেন, সেজন্য জরুরি হটলাইন চালু করা হয়েছে। বাংলাদেশিরা +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।





