বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী
শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর বইপত্র নষ্ট হয়েছে। তাদের হাতে বইপত্র পৌঁছাতে হবে।
এসব ঠিক বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়। পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু সপ্তাহ পরেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচী করা হবে বলে জানান তিনি।
অপরদিকে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে জানিয়ে বলেন, টিকা প্রদান কার্যক্রম চলমান। ১২ বছর বয়সের নিচের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করা হবে। করোনা বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কোন পরিকল্পনা নেই। স্বাস্থ্য সচেতনতার মধ্য দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে জানান তিনি।
আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা হলেও, ধর্মশিক্ষা বাদ দেয়া হয়নি, বাদ দেয়ার কোন পরিকল্পনাও নেই। ধর্মকে ব্যবহার করে কেউ কেউ উস্কানিমূলক কথাবার্তা বলে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় তারা।
তিনি বলেন, নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা দেয়ার ঘটনায তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনার মধ্য দিয়ে সমাজে এক ধরনের অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িকতা উশকে দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সামাজিক পরিবর্তনের জন্য সবারই এগিয়ে আসা উচিত।
এদিকে, নতুন করে ২ হাজার ৭১৬ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে আজ।
এরমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় ২ হাজার ৫১টি ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৬৬৫টিসহ মোট ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।
আজকের আদেশের আগ পর্যন্ত সারাদেশে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৪৪৮টি। সর্বশেষ ২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাভুক্ত এক হাজার ৬৫১টি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ৯৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।
এবছর নতুন বেসরকারি (স্কুল ও কলেজ) এমপিওভুক্তকরণের উদ্যোগ নেওয়া হয়। ১০ অক্টোবর ২০২১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন নেওয়া হয়।
শিক্ষামন্ত্রী জানান, যেসব উপজেলায় কোন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। সেসব উপজেলায় সর্বোচ্চ নম্বর পাওয়া একটি প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় এমপিওভুক্ত করা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, যোগ্যতা থাকার সাপেক্ষে কোনও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও’র প্রাথমিক তালিকা থেকে বাদ পরেছে মনে করলে প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরে ১৫ দিনের মধ্যে সচিব বরাবর আপিল আবেদন করতে পারবেন। কোন মিথ্য তথ্য ও প্রমাণ দাখিল করে এমপিওভুক্ত হলে পরবর্তীতে তা প্রমাণ হলে দায়ি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।






বিসিএস পরীক্ষাপদ্ধতি পরিবর্তন করছে পিএসসি – tathyasangjog
July 9, 2022[…] পরীক্ষায়ও প্রচলিত নিয়মের বাইরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। […]