ইরান-ইসরাইল যুদ্ধ: জ্বালানি দাম বাড়ানোর পরিকল্পনা নেই
ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। তবে বর্তমানে জ্বালানি তেল বা গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, “আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কিছুটা বেড়েছে, তবে আমাদের অর্ডার করা চালান এখনও প্রভাবিত হয়নি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে।” তিনি জানান, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে ব্যাঘাতের ঝুঁকি থাকলেও সরকার সতর্ক রয়েছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, “আজ অনুমোদিত এলএনজি আমদানি আগের দরেই হয়েছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়লে আমরা তা বিবেচনা করব। তবে বাণিজ্যের উপর এখনই কোনো প্রভাব পড়বে না।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।”
জ্বালানির বিকল্প ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “জ্বালানি মন্ত্রণালয় বিকল্প উৎস নিয়ে কাজ করছে। যুদ্ধের প্রভাব শুধু জ্বালানি নয়, সার ও জাহাজ চলাচলেও পড়তে পারে। তবে আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত।”





