ভারতের আসামে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার
উত্তর আসামের বিশ্বনাথ জেলায় ১৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা ধর্মীয় প্রচারে অংশ নিতে ভারতে এসেছিলেন বলে জানিয়েছে আসাম পুলিশ।
গতকাল রোববার রাতে আসাম পুলিশের মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) ভাস্করজ্যোতি মোহন্ত জানান, এ ব্যক্তিরা পর্যটন ভিসা নিয়ে ভারত সফরে এলেও ধর্মীয় প্রচারণায় অংশ নেওয়ার কারণেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে তিনি বলেন, পর্যটনের উদ্দেশ্য বিভিন্ন জায়গায় ভ্রমণ। কিন্তু এর পরিবর্তে পর্যটন ভিসার অপব্যবহার করেছেন তাঁরা। তাঁদের অনেকে চিকিৎসার জন্য ভিসা নিয়ে ভারতে এসেও ধর্মীয় প্রচারণায় অংশ নিয়েছেন বলে জানান মোহন্ত। আসাম পুলিশ জানিয়েছে, ওই ১৭ জন বাংলাদেশি নাগরিক ১৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কোচবিহার দিয়ে আসামে ঢোকেন।
আরও পড়ুনঃ বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের
ভাস্করজ্যোতি মোহন্ত বলেন, বাগমারি নামের এক এলাকা যাকে চর অঞ্চল বলা যায়, এই ব্যক্তিদের সেখানে প্রথমে চিহ্নিত করা হয়। গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকেরা বাগমারি এলাকায় ধর্মীয় আলাপ-আলোচনা চালাচ্ছিলেন। পর্যটকের ভিসা নিয়ে ভারতে এসে এই কাজ করা বেআইনি।
উল্লেখ্য, আসাম ও বরাক উপত্যকায় সভা বা জলসায় বক্তব্য রাখার জন্য বাংলাদেশ থেকে বক্তাদের আমন্ত্রণ জানানো হয়। এই রীতি যে দীর্ঘকাল ধরে চলে আসছে, তা স্বীকার করেছেন আসাম পুলিশের মহাপরিচালক। এ রীতি যদি দীর্ঘকাল ধরে চলে আসে এবং বক্তারা যদি মৌলবাদী বা জঙ্গি কার্যকলাপে যুক্ত না থাকেন, তবে তাঁদের হঠাৎ কেন গ্রেপ্তার করা হলো, পুলিশের তরফ থেকে তা এখনো পরিষ্কার করে জানানো হয়নি।





