দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮২ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৫৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৩ জন।
এছাড়া ঢাকার বাইরের ১৯১ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ও ঢাকার বাইরে দুইজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১৯ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৫১১ জন, আর ঢাকার বাইরের দুই লাখ নয় হাজার ৭২৫ জন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৩ জন এবং ঢাকার বাইরের ২৭১ জন।
আরও পড়ুনঃ সমঝোতায় পৌঁছালো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি; ৩৭ আসন ছাড়ছে আওয়ামী লীগ





