“সারাদেশে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান ৪৬১৩টি”
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বর্তমানে সারাদেশে চার হাজার ৬১৩টি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
আজ রোববার বাজেট অধিবেশনে সরকারদলীয় সদস্য এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে কাম্য শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার, প্রাপ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া।
তিনি বলেন, এমপিওভুক্ত করার কাজটি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সারাদেশে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক সময়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত করা হয়ে থাকে।
তিনি বলেন, চলতি অর্থবছরের আর একমাসেরও কম সময় রয়েছে। এই স্বল্প সময়ে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পরিকল্পনা সরকারের আপাতত নেই।
সংসদ সদস্য মো. সিদ্দিকুর রহমান পটোয়ারীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণভাতা প্রাপ্তিতে বিলম্বের সমস্যা সমাধানে সরকার আন্তরিক।
আরও পড়ুনঃ আগামী ১০ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র দেয়া শুরু হবে





