সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: অপপ্রয়োগ রোধে সংশোধনের ইঙ্গিত উপদেষ্টার
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর কিছু ধারায় অপপ্রয়োগের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, “অধ্যাদেশের কিছু ধারার অপপ্রয়োগ হতে পারে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে।”
বৈঠকে কর্মচারীরা অধ্যাদেশ বাতিলের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন এবং এর বিরুদ্ধে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তারা জানান, এই অধ্যাদেশ সরকারি চাকরিজীবীদের অধিকার ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, “কর্মচারীদের অবস্থান স্পষ্ট—তারা অধ্যাদেশ বাতিল চান। তবে আমরা এটাও বিবেচনা করব, অধ্যাদেশের যেসব ধারায় অপপ্রয়োগের সম্ভাবনা রয়েছে, সেগুলো সংশোধনের মাধ্যমে সমাধান করা যায় কিনা।” তিনি কর্মচারীদের আন্দোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উপদেষ্টা পরিষদে উপস্থাপনের প্রতিশ্রুতি দেন।





