পদত্যাগ করেছেন টেকনোক্র্যাট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা
মন্ত্রিপরিষদ বিভাগের অনুরোধে সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী, প্রতিমন্ত্রি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় রোববার বিকেলে তারা মন্ত্রীপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ নিশ্চিত করেছে।
এবিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় মন্ত্রিসভার যেসকল সদস্য সংসদ সদস্য নন, অর্থাৎ টেকনোক্রাট কোটায় মন্ত্রী হয়েছেন তাদেরকে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার অনুরোধ জানানো হয়েছিল।
টেকনোক্র্যাট দুই মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, এবং এক প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলমসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদত্যাগপত্র জমা দেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কয়েকদিন আগে চিঠি দেয়া হয় বলে সূত্র জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিকেলে তারা নিজ নিজ স্বাক্ষরিত পদত্যাগপত জমা দেন।
মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া মোট সদস্য ৪৭ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী ছিলেন। পদত্যাগপত্র গৃহীত হলে মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী থাকায়, নির্বাচনকালে, প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার আকার দাঁড়াবে ৪৪ জনে।
আরও পড়ুনঃ গর্ভাবস্থায় স্ট্রেস শিশুর এডিএইচডি ঝুঁকি বাড়াতে পারে





