“জুলাই আন্দোলনে ১৩ হাজার আহতের নাম তালিকাভুক্ত হয়েছে”
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের মধ্যে এখন পর্যন্ত ১২ হাজার ৯০০ জনের নাম ক্যাটাগরি অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে।
রোববার সচিবালয়ে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সহায়তা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা নূরজাহান বলেন, ‘গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে এর আগে পাঁচটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে এসেছিলেন। এবার সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল এসেছেন চিকিৎসা দিতে।’
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত ৩০ জনকে সিঙ্গাপুর এবং থাইল্যান্ড পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। শুধু মুসা নামে একজন আহতকে বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৬ কোটি ৩৭ লাখ টাকা খরচ হয়েছে।’
একই ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের জন্য নানা উদ্যোগ নিয়েছে সরকার। তাদের কল্যাণের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদফতর করা হচ্ছে। চলতি সপ্তাহেই অধিদফতরের কাজ শেষ হবে। এ অধিদফতরের আওতায় তাদের কল্যাণে কাজ করতে একটি নীতিমালা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আহত-নিহতদের পরিবারকে সহায়তার জন্য ২৩২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আহতদের ক্যাটাগরি অনুযায়ী এক থেকে দশ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেয়া হবে দ্রুতই।’





