জাতীয় ফিচার রাজনীতি

‘জনগণ কষ্টের কথা জানাচ্ছে বিএনপির কাছে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ তাদের সমস্যা নিয়ে এখন বিএনপির কাছে ভিড় করছে।

তিনি বলেন, “আগে এমপি, মেয়র ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলা যেত। কিন্তু এখন তারা কথা বলতে পারছেন না। এই বাস্তবতা সবাইকে উপলব্ধি করতে হবে।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু তা মিলছে না। বাংলাদেশে লিবারেল গণতন্ত্র এখন পপুলিস্টদের কাছে কিছুটা পরাজিত হচ্ছে। এর কারণ গবেষকরা বলতে পারবেন।”

তিনি আরও বলেন, “১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেলেও পাকিস্তানি গোলামি, তারপর বাংলাদেশি প্রভুদের গোলামিতে আমরা এখনও আটকে আছি। আমরা একটি মুক্ত সমাজ ও রাষ্ট্র গড়তে চাই, যেখানে মানুষের মধ্যে ভালোবাসা থাকবে।”

গত বুধবার আশুলিয়ায় গণ-অভ্যুত্থানে নিহত পাঁচজনের স্মরণে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, “একজন মা তাঁর ১৪ মাসের শিশুকে কোলে নিয়ে বললেন, ‘আমার স্বামীকে এখানে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে। এই শিশুকে নিয়ে এখন কীভাবে বাঁচব?’” তিনি প্রশ্ন তুলে বলেন, “রাষ্ট্র কার জন্য? যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তাঁরা এই এক বছরেও কি এই মানুষগুলোর কথা ভাবেননি?”

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর পল্টনে বিএনপির সভায় তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলে সমালোচিত হওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “তখন বলা হয়েছিল, বিএনপি ক্ষমতায় যেতে অস্থির। এখন আপনারাই বলছেন, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।”

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং বাকি বিষয়েও ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা-ছোড়াছুড়ি বন্ধ করে পারস্পরিক বোঝাপড়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, “এই কাদা-ছোড়াছুড়ি রাজনীতিকে আরও কলুষিত করবে।”

অনুষ্ঠানে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতিত পাঁচ সম্পাদক—শফিক রেহমান (যায়যায়দিন), মাহমুদুর রহমান (আমার দেশ), মতিউর রহমান চৌধুরী (মানবজমিন), নুরুল কবির (নিউ এজ) এবং আবুল আসাদ (সংগ্রাম)—কে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। বক্তব্য রাখেন মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন এবং শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। অনুষ্ঠানের শুরুতে ‘জুলাই বাংলাদেশ’ কবিতা আবৃত্তি করেন যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র