আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই: আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। এছাড়াও পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং বদ মতলব রয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে।
সোমবার বেলা এগারটায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থেকে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি। নতুন নতুন উপায় ভাবছি।’
মানবাধিকার রক্ষা করে বিচার সুনিশ্চিত করা নিয়েই এই প্রশিক্ষণ কর্মশালা বলে জানান তিনি।





