দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ চারা রোপণ
জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে দেশের কোমলমতি শিশুদের প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোপণ করা গাছটি সম্পর্কে বিস্তারিত জানার অভ্যাস গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানের আগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
একযোগে ২ লাখ চারা রোপণ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সূচনা করতে প্রধানমন্ত্রী নিজে একটি নিমগাছের চারা রোপণ করেন। এর পরপরই সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণের কার্যক্রম শুরু হয়।
খুদে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগাতে। সেটা স্কুলেই হোক বা বাসার আশপাশে, যেখানেই সুযোগ পাও, একটি গাছ রোপণ করবে।’ তিনি আরও বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছ সম্পর্কে জানতেও হবে। কোন গাছ কত অক্সিজেন দেয়, মানুষের কী উপকারে আসে এবং পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে তা তোমাদের জানতে হবে।’
পরিবেশ রক্ষায় বিনিয়োগ
প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর নতুন একটি গাছ সম্পর্কে জানতে পারলে শিশুদের জ্ঞানের পরিধি আরও বাড়বে। তিনি মনে করিয়ে দেন, আজকের লাগানো গাছটি বড় হয়ে একদিন স্কুলে ছায়া দেবে এবং বাড়িতে চারপাশ শীতল ও বাসযোগ্য রাখবে। বৃক্ষরোপণকে কেবল একটি কর্মসূচি না ভেবে, এটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একধরনের বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





