ঢাকা মেডিকেল কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান
ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির সূচনা করেন।
সকাল ১০টার দিকে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। পরে কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষরোপণ করেন তিনি।
উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।





