ঢাকার চাপ কমাতে জেলা হাসপাতাল শক্তিশালী করার উদ্যোগ
দেশের স্বাস্থ্যসেবাকে রাজধানীকেন্দ্রিকতা থেকে বের করে আনতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন নিজ এলাকাতেই মানসম্মত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই সরকার স্বাস্থ্যখাতের অবকাঠামো ও সেবার মান উন্নয়নে কাজ করছে।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে চিকিৎসকদের সঙ্গে এক মুক্ত আলোচনায় স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, চিকিৎসকদের কর্মপরিবেশ এবং হাসপাতাল ব্যবস্থাপনার নানা বিষয় উঠে আসে। জবাবে প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, শুধু বড় শহর নয়, গ্রাম ও উপজেলা পর্যায়ের মানুষের চিকিৎসা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। রাজধানীর ওপর চাপ কমাতে দেশের প্রতিটি অঞ্চলে দক্ষ ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এর আগে সকালে ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি এবং ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১০টার দিকে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপস্থিতিতে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়।





