গণতন্ত্র, শিক্ষা ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাজ্য
বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বিনিয়োগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, অভিবাসন এবং স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অর্জিত সাফল্য ইতিবাচক বার্তা বহন করছে। এসব অগ্রগতি আরও টেকসই করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য। একই সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী জানান, আগামী ডিসেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।
মন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। গণতান্ত্রিক মূল্যবোধ ও বহুদলীয় রাজনৈতিক চর্চার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ় হবে।
বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে ব্রিটিশ উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। জবাবে সারা কুক জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে বিভিন্ন উদ্যোগ বিবেচনায় রয়েছে।
এদিন পৃথক আরেকটি বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস (ইউএনওপিএস) বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বাধীন প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠকে অবকাঠামো উন্নয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নগর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদল বাংলাদেশের টেকসই উন্নয়ন কার্যক্রমে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেয়। বৈঠকে পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





