পিতা ও ভাইকে হারানো ক্যানসার আক্রান্ত জিসানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই অভ্যুত্থানের শহীদ আবদুল্লাহ বিন জাহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শহীদ আবদুল্লাহর মা ফাতেমা তুজ জোহরা এবং তাঁর ক্যানসার আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফাতেমা তুজ জোহরাকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোখসেদুল মোমিন মিঠুন উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে জুলাই অভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আবদুল্লাহ বিন জাহিদ। এই শোকের দুই সপ্তাহের মাথায় ছোট ছেলে জিসানের শরীরে ক্যানসার ধরা পড়ে। এর মাত্র সাত মাস পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবাও মারা গেলে চরম আর্থিক অনটনে পড়ে পরিবারটি। ফলে জিসানের ব্যয়বহুল ক্যানসার চিকিৎসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
প্রেস উইং আরও জানায়, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীনই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের মাধ্যমে জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত জিসানের স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং তাঁর প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।





