সাগরিকার জোড়া গোলে লাওসকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত শুরু
লাওসের ভিয়েনতানে এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ।
র্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে জাতীয় দলের ফরোয়ার্ড মোসাম্মাৎ সাগরিকা ও মুনকি আক্তারের দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে সাগরিকারা।
ম্যাচের ৩৬ মিনিটে শান্তি মার্ডির কর্নার থেকে সাগরিকার দারুণ হেডে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে মুনকি আক্তার তৃষ্ণার পাসে লাওসের ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক ও পোস্টের মাঝ দিয়ে দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি সময়ে লাওস বাংলাদেশের ডিফেন্সের দুর্বলতার সুযোগে একটি গোল ফিরিয়ে ব্যবধান ২-১ করে।
তবে শেষ মুহূর্তে তৃষ্ণার পাসে সাগরিকা বাঁ পায়ে নিজের দ্বিতীয় গোল করে ৩-১ ব্যবধানে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
বাংলাদেশ আরও বড় ব্যবধানে জিততে পারতো, কিন্তু প্রথমার্ধে সিনহা জাহান শিখার শট এবং দ্বিতীয়ার্ধে সাগরিকার প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ দল বাছাই পর্বে দৃঢ় অবস্থান তৈরি করেছে।





