জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বান: গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার প্রত্যয় তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোকে মতভেদ ভুলে জাতীয় স্বার্থ ও গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (৬ আগস্ট, ২০২৫) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালির সমাবেশে তিনি বলেন, “মতভেদ থাকলেও জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হওয়া উচিত নয়। ধর্ম, দর্শন, মত যার যার, কিন্তু রাষ্ট্র আমাদের সবার।”
তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি নাগরিকদের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিবাদী শাসনে আমরা, আমাদের সন্তানরা নিরাপদ ছিল না। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশকে বর্বর বন্দিশালায় পরিণত করা হয়েছিল।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ফ্যাসিবাদ বা তাবেদার রাষ্ট্রের পুনরাবৃত্তি রোধ সম্ভব হবে। তিনি জোর দিয়ে বলেন, “এই সুযোগে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হলে আর কোনো রক্তাক্ত চব্বিশ দেখতে হবে না।”





