“রোগবালাই নিরাময়ে ভিটামিন যুক্ত খাদ্যের জন্য বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে”
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেটি যথাযথভাবে বাস্তবায়ন করতে চেষ্টার কোনো রকম ত্রুটি হবে না। মানুষের রোগবালাই নিরাময়ে ভিটামিন যুক্ত খাদ্যের জন্য বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে মৌলভীবাজার শহরতলির মাতার কাপনস্থ ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতাল ও তাফিদা-রাকিব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ড. মো. আব্দুস শহীদ বলেন, জনবহুল এ দেশে খাদ্যাভাব নেই, প্রচুর পরিমাণ খাদ্য পাচ্ছে মানুষ।
মন্ত্রী বলেন, চিকিৎসা সেবা উন্নয়নে মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই প্রধান মন্ত্রী মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দিবেন। ঘোষণার পরপরই হয়তো মৌলভীবাজার মেডিকেল কলেজের কাজ শুরু হবে।
কৃষি মন্ত্রী বলেন, মৌলভীবাজার মেডিকেল কলেজ কোথায় স্থাপন হবে এ নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। মৌলভীবাজার সদরসহ বাইরেও কলেজ স্থাপনের জায়গা রয়েছে। এটি নির্ভর করবে মেডিকেল কলেজ স্থাপন পর্যবেক্ষক দলের ওপর।
আরও পড়ুনঃ বেইলি রোডে আগুন; দগ্ধদের চিকিৎসায় টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী





