রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩.৬ মাত্রার ভূমিকম্প
বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে রাজধানীসহ নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮-১০ কিলোমিটার গভীরে।
এটি স্বল্পমাত্রার হলেও গত শুক্রবারের ৫.৭ মাত্রার শক্তিশালী কম্পনের পর এই অঞ্চলে টানা ষষ্ঠবারের মতো ভূমিকম্প অনুভূত হলো। বিশেষজ্ঞরা বলছেন, গত শুক্রবারের প্রধান কম্পনের পর এখনো ‘আফটারশক’ চলছে এবং মাধবদী-ঘোড়াশাল ফল্টলাইন সক্রিয় রয়েছে। আগামী কয়েক দিন আরও কয়েকটি ছোট-বড় কম্পন হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে নরসিংদী, গাজীপুর ও ঢাকার কিছু এলাকায় ভবন ধসে ও দেওয়াল চিড়ে ১০ জন নিহত এবং প্রায় ৪০০ জন আহত হন। আজকের কম্পনেও অনেকে আতঙ্কে রাস্তায় নেমে আসেন, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই অঞ্চলের পুরোনো ভবনগুলো এখনো ঝুঁকিপূর্ণ। সবাইকে ‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধার দলগুলোকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।





