সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, “প্রয়াত সাংবাদিকদের সন্তানদের শিক্ষা ও প্রতিভা বিকাশে সহায়তা করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটা রাষ্ট্রেরও নৈতিক কর্তব্য।” ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং সহযোগী এনআরবিসি ব্যাংকের এই মহতী উদ্যোগকে তিনি আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান।
বৃহস্পতিবার সকালে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত ‘প্রয়াত সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান ও মেধাবীদের সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এ বছর ৫০ জনেরও বেশি প্রয়াত সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট-সার্টিফিকেট দেওয়া হয়।
উপদেষ্টা বলেন, “রাষ্ট্রের সব দায়িত্ব সবসময় পুরোপুরি পালন করা সম্ভব হয় না। সেখানেই ডিআরইউ-এর মতো সংগঠন ও এনআরবিসি ব্যাংকের মতো প্রতিষ্ঠান অসাধারণ ভূমিকা রাখছে। সাংবাদিকরা কর্মব্যস্ততায় সন্তানদের জন্য যে সময় দিতে পারেন না, সেই শূন্যতা পূরণ করছে আপনাদের এই উইকেন্ড স্কুল ও বৃত্তি কার্যক্রম। এটা সত্যিই অনুকরণীয়।”
তিনি নিজের ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত সাংবাদিক আনোয়ারুল হকের কথা স্মরণ করে বলেন, “ডিআরইউ যখন গড়ে উঠেছিল, তখন কিছু সাংবাদিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন। সেই বঞ্চনা থেকেই জন্ম নিয়েছিল এই সংগঠন। আজকে যে অগ্রযাত্রা দেখছি, তা সেই সংগ্রামেরই ফল।”
ডিআরইউর উইকেন্ড স্কুল ও ভবিষ্যতে পূর্ণাঙ্গ স্কুল প্রতিষ্ঠার স্বপ্নের প্রশংসা করে তিনি বলেন, “এটা শুধু স্বপ্ন নয়, এটা অত্যন্ত বাস্তবসম্মত ও অর্জনযোগ্য। আমি রাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি।”
বিশেষ অতিথি এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আব্দুল কাইয়ুম খান বলেন, “ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জের মধ্যেও আমরা সাংবাদিক সমাজের পাশে থাকতে পেরে গর্বিত। এই কার্যক্রম আমরা আরও বড় পরিসরে চালিয়ে যাব।”
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ নেতৃবৃন্দ ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিআরইউর দুটি প্রস্তাব (সরকারি সহায়তায় স্কুল প্রতিষ্ঠা ও বৃত্তির পরিমাণ বৃদ্ধি) শুনে উপদেষ্টা তাৎক্ষণিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
“আজ এখানে এসে মানুষের পাশে দাঁড়ানোর যে মহত্তর উদ্যোগ দেখলাম, তা হৃদয় ছুঁয়ে গেছে,” বলে বক্তব্য শেষ করেন শিক্ষা উপদেষ্টা।





