মিয়ানমারের ছোড়া বুলেট বাংলাদেশের হাড়িতে
মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সাথে রাখাইন বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ সীমান্তেও। মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল ও বুলেটের আঘাতে দুইজনের মৃত্যুও হয়েছে। প্রায় প্রতিদিনই মিয়ানমারের অভ্যন্ত্র থেকে গুলি এসে পড়ছে বাংলাদেশ সীমান্তে। এরই মধ্যে সম্প্রতি দেশটির অভ্যন্তর থেকে আসা গুলিতে আটকে গেছে বাংলাদেশের ভাতের হাড়ি।
মিয়ানমার অভ্যন্তরীণ সংঘর্ষের মধ্যে বাংলাদেশে চলে আসা বোমা, মর্টার শেল নিষ্ক্রিয় করার পর মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের নয়াপড়া সীমান্তে এ ঘটনা ঘটে। তবে গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিজিবির সূত্র জানিয়েছে, নয়াপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ২০-২৫ জনের একটি দল মিয়ানমার থেকে আসা অবিস্ফোরিত মর্টার শেল ও বোমা নিষ্ক্রিয় করে। সে সময় বিকট শব্দ হয়। এই শব্দের কয়েক মিনিট পর মিয়ানমার থেকে গুলিবর্ষণ শুরু হয়।
স্থানীয়দের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সাড়ে ১১টার দিকে নয়াপাড়া সীমান্ত এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দলের ২০-২৫ সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অবিস্ফোরিত বোমা বা মর্টার শেল বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার কয়েক মিনিট পর মিয়ানমারের ঢেঁকিবনিয়া এলাকা থেকে কয়েকশ রাউন্ড গুলিবর্ষণ করা হয় এপারের লোকজনকে লক্ষ্য করে। এ সময় অনেকেই ছুটাছুটি করে ও নিরাপদ স্থানে চলে যায়।





