বিএনপির প্রতিশ্রুতি চুল পরিমাণ বিচ্যুত হবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সবসময়ই “পলিটিক্স অব কমিটমেন্ট” বা প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী। অতীতে দল তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব অঙ্গীকার দিয়েছেন, তার প্রতিটিই “চুল পরিমাণ বিচ্যুতি ছাড়াই” বাস্তবায়িত হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনি প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করবেন।
শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক বড় কর্মসূচির প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পাশে ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
রিজভী উদাহরণ দিয়ে বলেন, “১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বিধবা ভাতা আজীবন করেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই অঙ্গীকার পূরণ করেছিলেন। এটাই বিএনপির ঐতিহ্য। আবার ক্ষমতায় গেলে একই নীতিতে চলবে দল।”
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে রিজভী বলেন, “নির্বাচন করতে হলে সভা-সমাবেশ, প্রচার-প্রচারণার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। না হলে নির্বাচন আকাশের চাঁদ হয়ে থাকবে। আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া সম্ভব নয়।”
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “তিনি প্রযুক্তির মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছেন। দেশ ও জনগণকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরে সরাসরি নেতৃত্ব দেবেন। তিনি যখন মনে করবেন, তখনই আসবেন— এতে কারও বাধা দেওয়ার সাধ্য নেই।”
আগামীকাল রবিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন এবং বিএনপির আসন্ন নির্বাচনী ইশতেহারের মূল দিকনির্দেশনা তুলে ধরবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।





