ফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ; নিহত ২
ফরিদপুরের সদরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। নিহত দুই কিশোর হলো তামিম ব্যাপারী (১৬) ও রিমন শেখ (১৭)।
শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার আকটের চর ইউনিয়নের আমজেদ ব্যাপারীর বাড়ির সামনে সদরপুর-চরভদ্রাসন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে তামিম সদরপুরের আকটের চর ইউনিয়নের সাড়েং গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুস ব্যাপারীর ছেলে। সে স্থানীয় মোলায়েম ডাঙ্গী উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। অন্যদিকে আরেক কিশোর রিমন একই ইউনিয়নের হানিফের ডাঙ্গী গ্রামের কৃষক গফফার শেখের ছেলে।
এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তামিম মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে সদরপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিল। অন্যদিকে লিমন সদরপুর থেকে মণিকোঠার দিকে যাচ্ছিল। হিরা দুর্ঘটনাকবলিত দুই মোটরসাইকেলের কোনো একটির যাত্রী ছিলেন। আকটের চর ইউনিয়নের আমজেদ ব্যাপারীর বাড়ির সামনে পৌঁছালে ওই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন কিশোর গুরুতর আহত হয়।





