“পদ্মা সেতুর কারণে সদরঘাটের চিত্র বদলে গেছে”
পদ্মা সেতুর কারণে সদরঘাটের চিরায়ত চিত্র বদলে গেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। মানুষের মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি, তারা স্বাভাবিকভাবে লঞ্চে চলাচল করতে পারছে, কোনো ধাক্কাধাক্কি নেই।’
তিনি বলেন, ‘আগে দেখতাম রাতের লঞ্চে জায়গা নেয়ার জন্য যাত্রীরা দুপুরের খাবার নিয়ে সকালবেলা এসে বসে থাকত। বর্তমানে সেই অবস্থাটা নাই। আস্তে আস্তে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে। একটা সময় দেখা যেত লঞ্চের ছাদ পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। এই ছবি কিন্তু এখন আর পাওয়া যাবে না। গতকাল আমি ফেসবুকে একটা ছবি দেখছিলাম বললাম এটা এখন একটা ইতিহাস, এটা আর ফিরে আসবে না।
খালিদ মাহমুদ বলেন, সদরঘাটের কর্মীরা আগে ঘুমাতে পারত না। এখন অনেকটা স্বস্তিতে আছে। নতুন নতুন পন্টুন ও গ্যাংওয়ে দেয়া হয়েছে, পরিবেশ ধরে রাখার জন্য অনেক লঞ্চ মালিক ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে। কারণ, ভালো সার্ভিস দিতে না পারলে মানুষ বিমুখ হবে।
তিনি বলেন, মেট্রোরেলের সুবিধা পুরান ঢাকাবাসীও পাবে। মাল্টিমোডাল কানেকটিভিটির বিষয়ে ১৯৯৬ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। পাঁচ বছরে তেমন কিছু করতে না পারলেও বিগত পনেরো বছরে তিনি বাংলাদেশকে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপহার দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, সদরঘাটের সঙ্গে মেট্রোরেলের কানেকশনের বিষয়েও চিন্তাভাবনা চলছে। ঢাকা শহরে বসবাসকারী দক্ষিণাঞ্চলবাসীও মেট্রোরেলে সদরঘাট আসতে পারবে। এটা অল্প কিছুদিনের মধ্যেই পাবে।





