নির্বাচন সামনে রেখে দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন সামনে রেখে দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে ৭ জানুয়ারি সুন্দর নির্বাচন উপহার দেবে সরকার।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব আয়োজিত সন্ত্রাসবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
তিনি বলেন, বিএনপিকে যারা বাতাস দিত, তারা বাতাস দেয়া বন্ধ করে দিয়েছে। কারণ, তারা বুঝতে পেরেছে এ দলটি সন্ত্রাসী সংগঠন। তাদের বাতাস দিয়ে লাভ নেই। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে জ্বালাও-পোড়াও ও সহিংসতা করা হয়েছে। অনেক সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়েছে। যদিও জ্বালাও-পোড়াও করা তাদের পুরানো চরিত্র।
হাছান মাহমুদ বলেন, গাড়িঘোড়ায় যারা চলাচল করেন তারা সাধারণ মানুষ। তারা রাজনীতি বোঝেন না, রাজনীতি করেন না। এদের ওপর যারা হামলা চালায় তারা কিসের রাজনীতি করে? একটি গাড়ি বা বাস পুড়িয়ে দেওয়া মানে একটি পরিবার পুড়িয়ে দেওয়া, একটি পরিবারের স্বপ্ন পুড়িয়ে দেওয়া। এরা দেশের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু।
মন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও গত কয়েক দশকে রাজনীতির নামে এমন নৃশংসতা হয়নি, যেটা বিএনপি-জামায়াত করছে। এটি হচ্ছে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড। তাদের এ ধরনের অগ্নিসন্ত্রাস, বাসের ড্রাইভার-হেলপারকে পুড়িয়ে হত্যা করা, গাড়ি জ্বালিয়ে দেওয়া কোনো রাজনীতি নয়। এগুলোকে অপরাজনীতি বললেও ভুল হবে। তাদের এই বর্বরতা আর চলতে দেওয়া যায় না। আমরা এই আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, রাজনীতির কিছু ছোট ছোট দল আছে, এরা আবার বিএনপির মিত্র। এরা ব্যাঙের ছাতার মতো থাকে কিন্তু এদের আওয়াজ বড়। নির্বাচনে দাঁড়ালে এক হাজার ভোটও পায় না। এর আগে সিটি করপোরেশন নির্বাচনে একজন দাঁড়িয়ে ঢাকা শহরের ৩৫ লাখ ভোটের মধ্যে এক হাজার না দেড় হাজার ভোট পেয়েছিল। এই ব্যাঙের ছাতারাও এখন বুঝতে পেরেছে বিএনপির সঙ্গে থেকে কোনো লাভ নেই।’
আরও পড়ুনঃ সমঝোতায় পৌঁছালো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি; ৩৭ আসন ছাড়ছে আওয়ামী লীগ





