“দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন খালেদা জিয়া”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি (খালেদা জিয়া) রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। যে কারণে বেগম জিয়া দণ্ডিত, সেই দোষ স্বীকার করেই ক্ষমা চাইতে হবে। আর যে কেউ তার সাজা মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন।
আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এটা আইনি ব্যাপার, এখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই। তার (খালেদা জিয়া) পরিবার দরখাস্ত করেছিল, সেটা নিষ্পত্তি করা হয়েছে। আইনে কোথাও নাই তাকে এই দরখাস্তে তাকে বিদেশে যাওয়ার পারমিশন দেওয়া যায়। বিদেশ যেতে পারবেন না বলে আগেই শর্ত দেওয়া ছিল, এখন সেটিকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই।
মন্ত্রী বলেন, শর্ত অনুসারে বেগম খালেদা জিয়া কোনোভাবেই বিদেশে যেতে পারবেন না। আইনে সেই সুযোগ নেই। প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতাও আর ব্যবহারের সুযোগ নেই।
তিনি প্রশ্ন রেখে বলেন, বেগম খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং তিনি বিদেশে যেতে পারবেন না- এই শর্তেই তার দণ্ড স্থগিত করে তাকে বাসায় থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। এরপর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। শেখ হাসিনা তার মহানুভবতা দেখিয়ে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছেন। আর কত মহানুভবতা দেখাতে হবে?
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার আবেদনের ইস্যুতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। তার পরিবারের পক্ষ থেকে করা আবেদনে আইনের কোনো উল্লেখ ছিল না।
আরও পড়ুনঃ মাল্টিপল স্ক্লেরোসিস এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কী?





