দেশ এগিয়ে নিতে তরুণ উদ্যোক্তাদের ওপর আস্থা প্রধানমন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর জীবনের চড়াই-উতরাই ও রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে বলেন, “নতুন উদ্যোক্তাদের পথচলা বেশ কঠিন ও কষ্টের। তবে দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে যেকোনো বাধা পেরিয়ে সফল হওয়া সম্ভব।” তিনি তরুণদের আশ্বস্ত করে বলেন, সরকার নতুনদের পথ দেখাতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে থাকবে। এছাড়া, দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনেরও বেশি শিক্ষার্থী ও সফল উদ্যোক্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী আইসিটি বিভাগের নতুন উদ্যোগ ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ (startup.ictd.gov.bd)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচিত ছয়টি সফল স্টার্টআপের হাতে অনুদানের চেক তুলে দেন। পাশাপাশি, ঐতিহ্যবাহী জামদানি নিয়ে কাজ করা ‘রাফিহা ফ্যাশন হাউজ’-এর প্রতিষ্ঠাতা লুৎফুন্নেসা মেঘনার তাৎক্ষণিক আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর হাতেও অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে তিনি সিনেট ভবনের পাশে উদ্যোক্তাদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাঁদের উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী তরুণ ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক মূলধারায় যুক্ত করাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সম্ভাবনাময় উদ্যোগগুলোর অর্থায়ন ও বিকাশের জন্য ইতিমধ্যে ৫০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





