ত্রিপক্ষীয় বৈঠক কাউকে কোণঠাসা করতে নয়: তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের উদ্দেশ্য কোনো দেশকে কোণঠাসা করা নয়। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওআইসি সম্মেলনসহ বিভিন্ন বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গত ১৯ জুন চীনের কুনমিংয়ে ‘নবম চায়না-সাউথ এশিয়ান এক্সপোজিশন অ্যান্ড দ্য সিক্সথ চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন’ বৈঠকের সাইডলাইনে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তারা এই ত্রিপক্ষীয় আলোচনায় মিলিত হন। তৌহিদ হোসেন বলেন, “এই বৈঠক কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, বরং অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই এর লক্ষ্য।”
রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, “প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো এ বিষয়ে একমত। আমরা এই ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে কাজ করে যাচ্ছি।”
ইরানে আটকে পড়া বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি জানান, “ইরানে আটক ২৬ জন বাংলাদেশি আজ পাকিস্তানে পৌঁছাবে। সেখান থেকে তাদের করাচি নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে দেশে ফিরিয়ে আনা হবে।”
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তা ভিন্ন। আমরা সম্পর্ক পুনর্বিন্যাসের জন্য কাজ করছি, যাতে পারস্পরিক স্বার্থ রক্ষা হয়।”
আসিয়ানের সদস্যপদ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে আগ্রহী, তবে এই লক্ষ্যে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা এ বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।”





