প্রথম পরীক্ষা মিস করা শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় ওই শিক্ষার্থীর জন্য বিশেষভাবে পরীক্ষার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থী তার অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। ফলে তিনি বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার সকালে এক বিবৃতিতে জানায়, এই ঘটনা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। শিক্ষা উপদেষ্টা ড. আবরার বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই শিক্ষার্থীর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। পাবলিক পরীক্ষার আইন ও বিধি মেনে তার বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে আমরা ওই শিক্ষার্থীর পাশে আছি। তাকে হতাশ না হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা নিশ্চিত করতে চাই যেন তার পরীক্ষার সুযোগ বঞ্চিত না হয়।”
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্যও সুষ্ঠু ও নিরাপদ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে।





