জাতীয় পরিকল্পনার সাথে সমন্বয় করে মাস্টার প্ল্যান করতে হবে
রোববার ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সুস্থ ও উন্নত জীবন যাপন করতে হলে সময়কে কাজে লাগাতে হবে। দেশ-বিদেশের উন্নত ও সমৃদ্ধ নগরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সময়োপযোগী ও স্মার্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। নগর পরিকল্পনায় ভবিষ্যৎ চিন্তা করে মাস্টার প্ল্যান করতে হবে। বাংলাদেশ যেহেতু একটি ঘনবসতিপূর্ণ দেশ, স্বাভাবিকভাবেই আমাদের ভূমির পরিমাণ কম। তাই, যেকোনো মাস্টার প্ল্যান করতে হলে আমাদের মাথায় রাখতে হবে, ৫০ বছর পর কী হতে পারে। ১০০ বছর পরে এ প্ল্যান কতটুকু কাজে আসবে। শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনায় নগর পরিকল্পনা করলে, তা ভবিষ্যতে জনগণের শুধুই ভোগান্তি বাড়াবে।
সরকারের নেয়া সুনির্দিষ্ট পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, উন্নত রাষ্ট্রগুলোর সরকার ব্যবস্থায় একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। একটা পরিকল্পনা থাকে। আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে-২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠন করা। এ পরিকল্পনার অংশ হিসেবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমার গ্রাম, আমার শহর বাস্তবায়ন করছি। গ্রামীণ মানুষ যাতে নগরবাসীদের মতো সুযোগ-সুবিধা পায় সেটা করা হচ্ছে।





