গণমাধ্যমে আরও পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনা প্রয়োজন: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যমে আরও পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনা প্রয়োজন।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় সেটি যাতে টিকে থাকে, একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে যারা কাজ করেন তারাও যাতে টিকে থাকেন সে উদ্যোগ নেয়া হবে। তাহলে এক ধরণের ভারসাম্য থাকবে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা যাতে ভালো একটি জীবন যাপন করতে পারে সেটাও জরুরি। বাস্তবতার মধ্যে থেকে এ বিষয়টি নিশ্চিত করতে হবে।
মন্ত্রণালয়ের অধীনে যেসব কাজ হয়, সেখানে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনা হবে উল্লেখ করে আলী আরাফাত বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতরগুলো থেকে যেন কার্যকর ফলাফল পাওয়া যায়, সে চেষ্টা থাকবে।
দেশের বিরুদ্ধে যেসব চক্রান্ত-ষড়যন্ত্র আছে, সেগুলো নিয়েও কাজ করা হবে। পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে যেসব অপপ্রচার আছে তা মোকাবিলা করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কৌশলগত পদক্ষেপও নেয়া হবে।





