“কারো সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা নেই”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী। দিল্লি আছে, আমেরিকাও আছে, কারো সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা নেই।
মঙ্গলবার সাভারের আমিন বাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়াকে একবারও কি কেউ হত্যা করতে গেছে? কারণ আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী না, বিএনপি হত্যার রাজনীতি করে বলেই শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা হয়েছে।
পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পক্ষে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী। দিল্লি আছে, আমেরিকাও আছে, কারো সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা নেই।
দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রেখেছে দাবি করে তিনি বলেন, নির্বাচন ছাড়া এ দেশের জনগণ আর কিছু চায় না, মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপই বলছে শতকরা ৭০ জন মানুষ নৌকায় ভোট দেবে।
নির্বাচন আয়োজন বিষয়ে তিনি বলেন, যত ষড়ন্ত্রই হোক, নির্বাচন বাংলাদেশে হবেই। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নিষেধাজ্ঞা ও ভিসা নীতির পরোয়া আমরা করি না।
আরও পড়ুনঃ চলতি অর্থবছরে জিডিপি ৫.৬ শতাংশ প্রবৃদ্ধির আভাস বিশ্বব্যাংকের





