বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দেয়া মানবাধিকার লঙ্ঘন: আইনমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি এসএমবি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য বিকল্প পথ খুঁজতে কানাডাকে অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, তাকে বলেছি একজন খুনিকে আশ্রয় দেয়া মানবাধিকার লঙ্ঘন।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর সংগে কানাডার হাই কমিশনার লিলি নিকোলসের সৌজন্য সাক্ষাতকালে তিনি এ অনুরোধ জানান।
আইনমন্ত্রী বলেন, আমি হাইকমিশনারকে অনুরোধ করেছি, যেসব আইন ও বিধি-বিধান আছে তা যদি পর্যবেক্ষণ করে দেখি তাহলে কানাডা যাতে তাকে ফিরিয়ে দিতে পারে সে পন্থা খুঁজতে পারে। হাইকমিশনার বলেছেন, কানাডা সরকারকে বিষয়টি তিনি জানাবেন৷
তিনি বলেন, হাই কমিশনার জানতে চেয়েছেন, জাতীয় নির্বাচনের সময় বাংলাদেশ নির্বাচনী পর্যবেক্ষক ‘অ্যালাউ’ করবে কি-না? এ প্রশ্নের উত্তরে তিনি (আইনমন্ত্রী) সুষ্পষ্টভাবে জানান, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করা। সেখানে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। বাংলাদেশ সরকার বদ্ধপরিকর যে, বাংলাদেশে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হোক।
তিনি বলেন, এবছর বাংলাদেশ-কানাডা সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে। উভয় দেশ অত্যন্ত গুরুত্বের সাথে এ সম্পর্ক দেখে। ফলে উভয় দেশের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।
আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান





