শহীদ জেহাদের আত্মত্যাগ গণতন্ত্রের বিজয়ের প্রেরণা: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অমর নাম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, এই দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রদূত শহীদ নাজির উদ্দিন জেহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার অবিস্মরণীয় স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
মহাসচিব আরও বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অমলিন প্রতীক।
তিনি বলেন, তার এই মহান আত্মত্যাগের ফলেই স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে এবং সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়। নব্বইয়ের দশকে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয়ে তার অগ্রণী ভূমিকার জন্য আমরা জাতি হিসেবে গর্বিত।
বাণীতে তিনি আরও উল্লেখ করেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেট বুকে ধারণ করেছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সব স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য। এটিই হবে তার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা, যাতে তার আত্মা শান্তি পায়।





