স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে ড. মুহাম্মদ ইউনূসের শোক
স্থানীয় সরকার বিষয়ক বিশেষজ্ঞ, গবেষক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার গবেষণায় ছিলেন একজন পথিকৃৎ। তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে বাস্তবমুখী ও গঠনমূলক প্রস্তাবনা পেশ করেছিলেন, যা আজও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রধান উপদেষ্টা আরও বলেন, অধ্যাপক তোফায়েল ছিলেন স্থানীয় সরকার ও সমবায় বিষয়ে একজন প্রখ্যাত গবেষক এবং লেখক।
তিনি সারাজীবন দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় শাসন ব্যবস্থা এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।
স্থানীয় সরকার ও রাজনীতি বিষয়ে তিনি বাংলা ও ইংরেজিতে প্রায় ২০টি গ্রন্থ রচনা করেছেন এবং দেশি-বিদেশি জার্নাল ও পত্রিকায় অসংখ্য প্রবন্ধ প্রকাশ করেছেন, যা আগামী প্রজন্মের জন্য জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশে স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, বিজ্ঞ এবং নিবেদিতপ্রাণ গবেষককে হারিয়েছে।





