মূল্যস্ফীতি ৩% নামছে! ঘোষণা বাংলাদেশ ব্যাংক গভর্নরের
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আগামী দিনে দেশের মূল্যস্ফীতি ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
গভর্নর বলেন, “জানুয়ারি থেকে মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। আমরা চাই এটি আরও কমুক। আমাদের লক্ষ্য ৩-৫ শতাংশের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে আসা, তবে এটি সময়সাপেক্ষ। এ পথে চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।”
নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরের মধ্যে ঋণের সুদহার (লেন্ডিং রেট) এবং আমানতের সুদহার (ডিপোজিট রেট) ১০ শতাংশের নিচে নামিয়ে আনার জন্য কাজ করবে।
এছাড়াও, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাজারে টাকার প্রবাহ নিয়ন্ত্রণে বিশেষ জোর দেওয়া হবে।
গভর্নর আরও বলেন, “আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতি অনুসরণ করছি। এর পাশাপাশি অর্থনীতির গতি ধরে রাখতে ব্যাংকিং খাতে সুশাসন জোরদার করা হচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপগুলো জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে।





