‘ডিসেম্বরে নির্বাচন হলে বেগম জিয়াও অংশ নেবেন’
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ফেনীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি নিশ্চিতভাবে জয়লাভ করবে।
তিনি জানান, আগামী ডিসেম্বরে নির্বাচন হলে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেবেন। তিনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন, এবং ফেনীতে নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই।
বুধবার (৩০ জুলাই, ২০২৫) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হলে অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্ব পালন করবে। কেয়ারটেকার সরকারের অধীনে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বিধান রয়েছে।
তিনি উল্লেখ করেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছিল।
দল এই বিবৃতির প্রতি আস্থাশীল এবং আশা করছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন এর আগেও, এমনকি জানুয়ারিতেও হতে পারে।
তিনি আরও জানান, কেয়ারটেকার সরকার ইস্যুতে সুপ্রিম কোর্টে একটি মামলা চলমান রয়েছে, যার রায় নির্বাচনের সময়সূচির ওপর প্রভাব ফেলতে পারে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে এবং বিএনপি জনগণের পাশে থেকে তাদের অধিকার নিশ্চিত করতে কাজ করবে।





