জাতীয় ফল মেলা উদ্বোধন: দেশি ফলের প্রসারে উৎসব
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে আজ বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার জমকালো উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ শ্লোগানে আয়োজিত এই মেলা চলবে ২১ জুন শনিবার পর্যন্ত।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের মেলায় ২৬টি সরকারি ও ৪৯টি বেসরকারি প্রতিষ্ঠানের ৭৫টি স্টলে নানা জাতের ফল এবং ফল চাষের আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা রাসায়নিকমুক্ত দেশি ফল কিনতে পারবেন এবং ফল চাষের উন্নত কৌশল সম্পর্কে জানার সুযোগ পাবেন।
উদ্বোধনের পর কেআইবি মিলনায়তনে ‘স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল: বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন উপদেষ্টা। তিনি বলেন, “দেশি ফলের চাষ ও ব্যবহার বাড়াতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফল গাছ রোপণ পরিবেশ ও স্বাস্থ্যের জন্য অপরিহার্য।”





