এসএসএফকে জনবান্ধব নিরাপত্তা বাহিনী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “এসএসএফ-এর সদস্যদের সব রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগের মাধ্যমে দায়িত্ব পালন করলে তারা সফল হবে।” তিনি আরও বলেন, “উন্নত প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং উচ্চ মনোবলের সমন্বয়ে এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে আরও উন্নতি করবে।”
প্রধান উপদেষ্টা এসএসএফ-এর সুযোগ্য নেতৃত্ব, পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করে বলেন, “সঠিক দিকনির্দেশনায় এই বাহিনীর উন্নতি অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী বক্তব্য দেন। তিনি বাহিনীর কার্যক্রম ও অর্জন তুলে ধরেন।





