রোববার থেকেই নতুন দামে বাজারে ভোক্তারা ভোজ্য তেল কিনতে পারবেন: বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, মিল থেকে বাজার পর্যন্ত নতুন মূল্যের প্রভাব পৌঁছাতে একটু সময় লাগে। মিল মালিকরা নিজেরাই জানিয়েছেন ১ তারিখ থেকে নতুন মূল্য কার্যকর করার কথা। ইনশাআল্লাহ রোববার থেকেই নতুন মূল্য অনুযায়ী বাজারে ভোক্তারা ভোজ্য তেল কিনতে পারবেন।
আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দি অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট ওমেন এন্ট্রেপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সম্প্রতি প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স। নতুন এ দাম শুক্রবার (১ মার্চ) থেকে কার্যকর হয়।
আহসানুল ইসলাম টিটু আরও বলেন, রমজানে যেন কোনভাবেই ভোক্তাদের বেশি দামে নিত্যপণ্য কিনতে না হয় সেটাই আমাদের টার্গেট।
তিনি বলেন, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসছে। আগামী সপ্তাহ থেকেই আসা শুরু হবে। ভারতের বাণিজ্যমন্ত্রী পিযুষ গয়ালের সঙ্গে এরই মধ্যে এ বিষয়ে কথা হয়েছে।
পিযুষ গয়াল এ ব্যাপারে চিঠি ইস্যু করেছেন জানিয়ে টিটু বলেন, চিঠির কপি আামাদের কাছেও আছে। আগামী সপ্তাহ থেকেই পেঁয়াজ আসা শুরু হবে। ফলে রমজান মাসে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকবে।
আরও পড়ুনঃ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্থ করে অপতথ্য: তথ্য প্রতিমন্ত্রী





