“আওয়ামী লীগের মূল লক্ষ্য দেশরক্ষা করা”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ কাউকে বাধা দিতে পারবে না। আমাদের মূল লক্ষ্য হলো দেশরক্ষা করা। স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতির মাধ্যমেই আওয়ামী লীগ সব কিছু জবাব দেবে।
আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
প্রার্থিতা বাতিল করা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না বরং যারা গুজব ছড়াচ্ছে তারাই নির্বাচনে বাধা দিচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের দাবি থাকতেই পারে। তবে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জিতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ১৪ দলের সঙ্গে মূল আলোচনা হয়েছে রাজনৈতিক প্রসঙ্গে। এ দেশকে নিয়ে আন্তর্জাতিক দেশগুলোর সম্পর্কে জোরদার বিষয়ে।
১৪ দলের সঙ্গে রাজনৈতিক ঐক্যের কোনো ঘাটতি নেই, হবেও না উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা চলছে, আগামীতেও হবে৷ সময় বলে দেবে কী করতে হবে৷ যা কিছু করা হবে তা হবে দেশের স্বার্থে৷
আরও পড়ুনঃ “ডেঙ্গুরোগের প্রাদূর্ভাব বাড়ার জন্য জলবায়ু পরিবর্তন দায়ী”





