ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। অনেকে আতঙ্কে ভবন ছেড়ে বাইরেও নেমে আসেন।
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার রবিউল হক বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।
ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লক্ষ্মীপুরের রামগঞ্জ অঞ্চলে বলেও জানান রবিউল হক।
অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
আরও পড়ুনঃ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী





