নিউজিল্যান্ডকে ১৫০ রানের ব্যবধানে হারালো বাংলাদেশ
সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ডকে।
আজ শনিবার সকালে সিলেটের লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারানোর ঐতিহাসিক ক্ষণের জন্ম দিলো বাংলাদেশ।
এর আগে ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা নিউজিল্যান্ডকে এই নিয়ে দ্বিতীয়বার বড় ফরম্যাটে হারালো বাংলাদেশ। এর আগে ২০২২ সালের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুইয়ে ৮ উইকেটে জয় পেয়েছিলো টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে ১৩৯তম ম্যাচে ১৯তম জয় পেল বাংলাদেশ।
প্রথম টেস্টে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩৩২ রানের টার্গেটে পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে ১৮১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নিতে বড় অবদান রাখেন তাইজুল। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। তাইজুলের পাশাপাশি বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০৫ রান।
আরও পড়ুনঃ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী





