রুয়ান্ডায় আকস্মিক বন্যায় ৯৫ জনের প্রাণহানি
রুয়ান্ডায় ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় কমপক্ষে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বুধবার রুয়ান্ডা সরকারের মুখপাত্র ইয়োলান্দে মাকোলো বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশে গত রাতে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
অপরদিকে রুয়ান্ডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হেবিতেগেকো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বন্যা-ভূমিধসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯৫ জনে দাঁড়িয়েছে।
রুয়ান্ডার রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে বন্যা এবং ভূমিধসের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে বন্যার পানিতে বাড়ি-ঘর ভেসে গেছে।
গভর্নর ফ্রাঁসোয়া হেবিতেগেকো বলেন, সারারাত ভারি বৃষ্টি হয়েছে। এতে করে গোরোরেরো, রুবাভু, নিয়াবিহু, রুটসিরো এবং কারোঙ্গি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রুতসিরো জেলা। সেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিয়াবিহু জেলায় ১৯ জন এবং রুবাভু জেলায় ১৮ জন এবং গোরোরেরো জেলায় ১৮ জন প্রাণ হারিয়েছে।





