পাকিস্তানে পুলিশের দফতরে বিস্ফোরণে নিহত ১২
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস দমন পুলিশের দফতরে জোড়া বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক।
সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল জেলায় পুলিশের ‘কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট’ (সিটিডি) তথা সন্ত্রাস দমন বিভাগের একটি ভবনে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া ৫০ জনের বেশি আহত হয়েছে। তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।
শরিফুল্লাহ খান নামে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, কোনো সন্ত্রাসী হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছেন না তিনি। দুর্ঘটনার কারণে বিস্ফোরণ হয়েছে। কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট তথা সিটিডি ভবনের বেজমেন্টে বিস্ফোরক সামগ্রীতে আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটেছে।
খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিকে পুলিশ প্রধান আক্তার হায়াত বলেছেন, পুলিশের ওই দফতরে গোলাবারুদের পুরনো একটা গুদাম ছিল। সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত নাকি কোনো হামলা চালানো হয়েছে, সেটা খতিয়ে দেখছে পুলিশ।





