লক্ষ্মীপুরে গুলিতে যুবলীগ ও ছাত্রলীগ নেতা নিহত
লক্ষ্মীপুরে দুষ্কৃতিকারীদের গুলিতে আহত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পথে তার মৃত্যু হয়।
মঙ্গলবার রাতের এই হামলায় প্রাণ হারান জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে নাগেরহাটের দিকে যাচ্ছিলেন নোমান ও রাকিব। সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়। পরে গুলির শব্দ শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে নেন স্থানীয়রা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, নোমানের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আর রাকিবের অবস্থা ছিল আশঙ্কাজনক। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।





